
বিদ্যা-বুদ্ধিতে মানুষ যতই বড় হোক না কেন দিনশেষে একটা কথাই সত্য- ভালো মানুষ হওয়া। ক্রিকেটে কেন উইলিয়ামসন ঠিক তেমনি একজন মানুষ। ব্যাটার হিসেবে শুধু বড় ক্রিকেটারই নন, বড় ভালো মানুষও। জেন্টলম্যান হিসেবে পরিচিত ক্রিকেটে নিপাট ভদ্রলোক তিনি।
সেই মানুষটিই আজ নিজের সবচেয়ে প্রিয় খেলাটিকে বিদায় জানালেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাডকে ছুটি দিয়ে দিলেন। তাতে ১৬ বছরের দীর্ঘ এক পথচলার ইতি টানলেন উইলিয়ামসন।
গত নভেম্বর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উইলিয়ামসন পুরো ক্যারিয়ারের যতিচিহ্ন টানার বিষয়ে বলেছেন, ‘অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। তাতে স্পষ্ট হয়েছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সবসময় তীব্র তাগিদ ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েছি ভেবে গর্ববোধ করি। এর চেয়ে কিছুটা কম ক্ষুধা নিয়ে খেলা ঠিক হতো না। নিজের মতো বিদায় নিতে পারছি বলে ভাগ্যবান মনে হচ্ছে।’
হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ায় উইলিয়ামসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে লর্ডস টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি দুই ইনিংসে করতে পেরেছেন ০ ও ১৮। শেষটা ভালো না হলেও পুরো ক্যারিয়ারে দাপট দেখিয়েছেন কিউই ব্যাটার। সঙ্গে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই ২০২১ সালে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে নিউজিল্যান্ড।
২০১০ সালে অভিষেক হওয়ায় উইলিয়ামসন সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৭৮টি। রান করেছেন ১৯,৩৪৬। আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের সর্বোচ্চ রানের মালিক ৪৮ সেঞ্চুরির বিপরীতে হাঁকিয়েছেন ৬ ডাবল সেঞ্চুরি। নামের পাশে ১০৩টি হাফ সেঞ্চুরি।

