
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চতুর্থ দিনের খেলায় দেখা গেছে তিন ভিন্ন গল্প। একদিকে জার্মানির গোল উৎসব, অন্যদিকে জাপানের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং দিনের শেষ ম্যাচে আইভরি কোস্টের নাটকীয় জয়। গ্রুপ ‘ই’ ও ‘এফ’-এর ম্যাচগুলোতে গোল, রোমাঞ্চ এবং শেষ মুহূর্তের নাটকীয়তা ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে স্মরণীয় এক দিন।

জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে শক্তিশালী বার্তা দিয়ে। হিউস্টনে গ্রুপ ‘ই’-এর ম্যাচে বিশ্বকাপ অভিষিক্ত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। যদিও ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতা ফেরায় কুরাসাও এবং সেটিই ছিল দেশটির বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। তবে এরপর আর কোনো সুযোগ দেয়নি জুলিয়ান নাগেলসমানের দল। নিকো শ্লটারবেক, কাই হাভার্টজ (দুই গোল), জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও দেনিজ উনদাভের গোলের বন্যায় বড় জয় নিশ্চিত করে জার্মানরা। ম্যাচের শুরুতেই এনমেচার গোলটি এবারের বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবেও রেকর্ড গড়েছে।

গ্রুপ ‘এফ’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করেছে। দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে জাপান। ৫১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় ডাচরা। কেইতো নাকামুরা সমতা ফেরালেও ক্রিসেনসিও সামারভিলের গোলে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচ যখন ডাচদের জয়ের দিকেই এগোচ্ছিল, তখন ৮৮তম মিনিটে দাইচি কামাদার গোল জাপানকে মূল্যবান এক পয়েন্ট এনে দেয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনের শেষ ম্যাচে আইভরি কোস্ট ও ইকুয়েডরের লড়াই দীর্ঘ সময় গোলশূন্য থাকলেও শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। পুরো ম্যাচে একাধিকবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ইকুয়েডর; তিনবার বল আঘাত হানে কাঠামোতে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় আইভরি কোস্ট। ম্যাচের ৯০তম মিনিটে উইলফ্রিড সিঙ্গোর দারুণ দৌড় ও পাস থেকে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো জয়সূচক গোলটি করেন। সেই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান প্রতিনিধিরা এবং গ্রুপ ‘ই’-তে জার্মানির সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করে।
এদিকে আজ বিশ্বকাপে মাঠে নামছে আরও কয়েকটি শক্তিশালী দল। দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘এইচ’-এ মুখোমুখি হবে স্পেন ও কেপ ভার্দে। এরপর গ্রুপ ‘জি’-তে খেলবে বেলজিয়াম ও মিশর। দিনের তৃতীয় ম্যাচে সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, আর দিনের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

