Press ESC to close

‘হারাধনের দশটি ছেলে, রইল বাকি এক’

‘হারাধনের দশটি ছেলে, রইল বাকি এক’- যোগীন্দ্রনাথ সরকারের বিখ্যাত কবিতার মতোই এখন বাংলাদেশের অবস্থা। হারাধনের দশটি ছেলের জায়গায় আইসিসির পূর্ণ সদস্য ১২ দলকে বসিয়ে দিয়ে হিসেব কষলেই বিষয়টি স্পষ্ট হবে।

কবি তাঁর কবিতায় শিশুদের বিয়োগ করার সহজ কৌশল শিখাইছেন। সঙ্গে প্রিয়জন হারানোর গভীর নিঃসঙ্গতাকে ফুটিয়ে তুলেছেন কবি। তবে বাংলাদেশের বেলায় আনন্দের। আইসিসির পূর্ণ সদস্যের একটা একটা দলকে হারিয়ে আনন্দ দিচ্ছেন এবং পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ- লিটন দাসরা।

তাতে ষোলোকলা পূর্ণের একদম শেষ পর্যায়ে পা রেখেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে হারাতে পারলেই চক্র পূর্ণ হবে। ওয়ানডে সংস্করণে আইসিসির পূর্ণ সদস্য সব দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে। ক্রিকেটের জনক হিসেবে পরিচিত ইংলিশদের বিপক্ষে সেই সুযোগ দ্রুতই আসবে সে ইঙ্গিতই যেন পাওয়া যাচ্ছে।

গতকাল মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সে কথাই যেন কানে কানে বলছে। পাঁচবারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের গতকাল ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে ৫০ ওভারের সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী ১৪ জুন (রোববার) বাংলাদেশের সামে সুযোগ রয়েছে প্রতিপক্ষকে তিন ম্যাচ সিরিজে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দেওয়ার। এর আগে ঘরের মাঠে সর্বশেষ দেখায় অজিদের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ। এতে এখানেও বাকি রইল এক। প্রতিপক্ষকে টেস্ট সিরিজে হারানোর অপেক্ষা।

প্রতিপক্ষদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের শুরুটা ২০০৫ সালে করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এরপর একে একে অন্যদের বধ করেন আশরাফুল ইসলাম-মাশরাফি বিন মর্তুজারা হয়ে শুরু করে হালের তানজিদ হাসান তামিম-মুস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশ দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে ওয়ানডে ধরাশায়ী করে আয়ারল্যান্ডকে।  ২০০৮ সালে আইরিশদের বিপক্ষে ৩-০ ব্যবধানে প্রথম সিরিজ জেতে বাংলাদেশ। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যর মর্যাদা পাওয়া আয়ারল্যান্ডকে পরে বিভিন্ন সময়ে হোম ও অ্যাওয়ে কন্ডিশনে হারায় বাংলাদেশ।

বিদেশের মাটিতে বাংলাদেশ বিজয়ের পতাকা উড়ানো শুরু করে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তাদের মাটিতে ৩-০ ব্যবধানের জয়ে প্রথম অ্যাওয়ে সিরিজ জিতে বাংলাদেশ।  পরে ঘরে-বাইরে ক্যারিবিয়ানদের বিপক্ষে আরও অনেকবার সিরিজ জিতেছে বাংলাদেশ।

পরের বছর কিউই বধ করে বাংলাদেশ। ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করে বাংলাদেশ। ২০২৩ সালের শেষের পর এ বছরের শুরুতেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য স্বপ্নের বছর ছিল ২০১৫ সাল। সে বছর ঘরের মাঠে আতিথেয়তা দিয়ে একে একে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। প্রথম সিরিজ জয়ের সময় পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা বাংলাদেশ ভারতকে পরাজয়ের তিক্ত স্বাদ দেয় ২-১ ব্যবধানের। দুই দলকে পরে আরও সিরিজে হারিয়েছে বাংলাদেশ। 

সে বছরেই প্রতিভার জানান দেওয়া সৌম্য সরকার-মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। ২০২২ সালে প্রোটিয়াদের মাঠ থেকে সমান ২-১ ব্যবধানের ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তিও গড়ে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকেও  প্রথম ওয়ানডে সিরিজ হারানোর স্বাদ ঘরের মাটিতেই দেয় বাংলাদেশ। ২০২১ সালে মিরপুরে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারায়। অন্যদিকে ২০২২ সালে ঘরের মাঠে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে প্রথমবার ওডিআই সিরিজে হারায় টাইগাররা। এবার অস্ট্রেলিয়ানদের হারানোয় বাংলাদেশের এখন বাকি ইংল্যান্ডকে শেষ ছোবল দেওয়া।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।