
শেষ হাইড্রেশন বিরতিতে যাওয়ার আগে মাঠে কথা-কাটাকাটিতে জড়ান বেলজিয়ামের ইউরি টিলেমান্স ও লিয়ান্দ্রো ট্রোসার্ড। সেনেগালের বিপক্ষে তখন ২-০ ব্যবধানে পিছিয়ে বেলজিয়াম। সেই তারাই ৮৯ মিনিটে বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখেন।
ট্রোসার্ডের ক্রসে হেড করে দলকে সমতায় ফেরান অধিনায়ক টিলেমান্স। অতিরিক্ত সময়সহ ১২০ শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটের পেনাল্টি থেকে গোল করে সেনেগালের হৃদয় ভেঙে দলকে রুদ্ধশ্বাস জয়ও এনে দেন টিলেমান্স। পেনাল্টি নিয়ে অবশ্য বিতর্ক থেকে গেছে।

তার আগে ট্রোসার্ড-টিলেমান্সের বাদানুবাদ থামানো রেমেলু লুকাকু ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান। অর্থাৎ, ৩ মিনিটে দুই গোল করে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সেনেগালের থেকে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।
এর আগে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। হাবিব দিয়ারার ২৪ মিনিটের গোলের বিপরীতে দ্বিতীয় গোলটি ৫১ মিনিটে করেন ইসমাইলা সার।

