
মঞ্চটা প্রস্তুতই ছিল। যিনিই জিতবেন তিনিই হবেন ইউএস ওপেনের নতুন রানি। এমন কীর্তির হাতছানি নিয়ে খেলতে নেমে বছরের শেষ গ্র্যান্ড স্লামের নতুন রানি হয়েছেন আরিনা সাবালেঙ্কা। জেসিকা পেগুলাকে সরাসরি ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের টেনিস তারকা।
ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন জয়ের মধ্যে দিয়ে ইতিহাস গড়েছেন সাবালেঙ্কা। বেলারুশের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। তার আগে নারী-পুরুষ মিলিয়ে বেলারুশের কোনো টেনিস তারকাই ইউএস ওপেন জিততে পারেনি। আর তাঁর ক্যারিয়ারের এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম। আগের দুটিই অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়নও তিনি।
সবশেষ ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন সাবালেঙ্কা। তবে যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে তাঁকে। এবার তাঁকে আর্থুর অ্যাশের কোর্ট খালি হাতে ফেরায়নি। গফেরই স্বদেশি পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা। এতে ক্যারিয়ারের প্রথমবার গ্র্যান্ড স্লাম জয়ের আশায় খেলতে নামা যুক্তরাষ্ট্রের ধনকুবের টেরি পেগুলার কন্যার অপেক্ষা দীর্ঘ হলো। এ বছরের সিনসিনাটি মাস্টার্সের ফাইনালেও সাবালেঙ্কার কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল পেগুলার। ফলে প্রতিশোধ নেওয়ার সময়টাও দীর্ঘ হলো তাঁর।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টে শুয়ে পড়েন সাবালেঙ্কা। দুই হাত মুখে দিয়ে আনন্দে কাঁদলেনও তিনি। আবেগ বলে কথা। স্বপ্ন পূরণ করার পর নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। ট্রফি নেওয়ার সময় তিনি বলেছেন,‘এই মুহূর্তে আমি নির্বাক। চ্যাম্পিয়ন হওয়াটা সব সময় আমার স্বপ্ন ছিল এবং শেষ পর্যন্ত আমি সুন্দর ট্রফিটা পেয়েছি। স্বপ্নের জন্য যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং সবকিছু উৎসর্গ করেন একদিন সেটা আপনার কাছে ধরা দিবেই। আমি আগে কখনো বলিনি তবে আজ সত্যি নিজেকে নিয়ে খুবই গর্বিত।’

